২৮ শে মার্চ বিজেপির শাহী ইস্তেহার কলকাতায় প্রকাশ করবেন অমিত শাহ স্বয়ং !!

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ২৩, মার্চ :: আগামী ২৮ মার্চ কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র হাত দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে চলেছে বিজেপির নির্বাচনি ইস্তেহার বা ‘সংকল্পপত্র’।

দিল্লি নয়, খোদ তিলোত্তমায় দাঁড়িয়ে শাহ’র এই ইস্তেহার প্রকাশকে রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

তৃণমূল ইতিমধ্যেই তাদের ইস্তেহার প্রকাশ করেছে । তবে বিজেপি বিষয়টিকে নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং একটি নজরকাড়া ইভেন্ট হিসেবে তুলে ধরতে চাইছে। এই সংকল্পপত্রে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— প্রতি প্রান্তের সাধারণ মানুষের থেকে সংগৃহীত পরামর্শের প্রতিফলন থাকবে।

সূত্রের খবর, রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘যুবসাথী’র মতোই কোনও প্রকল্পের উল্লেখ থাকতে পারে বিজেপির ইস্তেহারে। পাশাপাশি রাজ্যের পরিকাঠামো উন্নয়ন, শিল্পায়ন এবং কেন্দ্রীয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি কার্যকর করার নির্দিষ্ট রূপরেখা থাকবে এই দলিলে।

রায়দিঘির জনসভা থেকে শাহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন— যার মধ্যে অন্যতম ছিল ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু, শূন্যপদে নিয়োগ এবং সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড়।

সেই ঘোষণার পর রাজ্য রাজনীতিতে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, তা থেকেই গেরুয়া শিবির বুঝে গিয়েছে যে শাহ’কে সামনে রেখে প্রতিশ্রুতি দিলে তার গুরুত্ব বাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =