নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: মঙ্গলবার ২৪,মার্চ :: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল।
বিরোধী শিবিরে বড় ভাঙন ধরে আইএসএফ, সিপিএম, বিজেপি ও কংগ্রেস ছেড়ে কয়েক হাজার কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে।
জানা গিয়েছে, মগরাহাট পশ্চিমের বিভিন্ন অঞ্চল থেকে বিরোধী দলের একাধিক জয়ী পঞ্চায়েত সদস্য সহ প্রায় ২০ জন পঞ্চায়েত সমিতির সদস্য এই দিন শাসক দলে নাম লেখান।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামীম আহমেদের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তাঁদের দলে স্বাগত জানানো হয়। বিশাল জনসমাগম ও কর্মীদের উপস্থিতিতে যোগদান কর্মসূচি কার্যত শক্তি প্রদর্শনের রূপ নেয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট ১ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমরান হোসেন মোল্লা, পঞ্চায়েত সমিতির কার্যকরী সভাপতি সব্যসাচী গায়েন, মানবেন্দ্র মন্ডল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। তাঁদের উপস্থিতি যোগদান পর্বকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

