রুজি-রুটিতে টান, গ্যাস না পেয়ে অটোচালকদের রাস্তায় বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: বুধবার ২৫,মার্চ :: সোনারপুর:দক্ষিণ ২৪ পরগনার মহামায়াতলা এলাকায় তীব্র গ্যাস সঙ্কটকে কেন্দ্র করে চরম ভোগান্তির মুখে পড়েছেন অটোচালকরা।

অভিযোগ, দীর্ঘদিন ধরে মহামায়াতলা গ্যাস পাম্পে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় কার্যত অচল হয়ে পড়েছে অটো পরিষেবা।

এর প্রতিবাদে বুধবার গড়িয়া–বারুইপুর এবং গড়িয়া–সোনারপুর রুটে অটোচালকরা পরিষেবা বন্ধ রেখে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে সকাল থেকেই ব্যাপক সমস্যার সম্মুখীন হন নিত্যযাত্রীরা। অফিসযাত্রী থেকে শুরু করে স্কুল-কলেজ পড়ুয়া—সকলেই চরম দুর্ভোগের শিকার হন।

হঠাৎ করে অটো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় অনেককেই বিকল্প পরিবহণের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। কেউ কেউ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে অন্য যানবাহনে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ।

পুলিশ এসে আন্দোলনরত অটোচালকদের সঙ্গে আলোচনা শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। যদিও চালকরা তাঁদের দাবিতে অনড় থাকেন। তাঁদের সাফ বক্তব্য, অবিলম্বে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে হবে, না হলে আন্দোলন আরও বৃহত্তর আকার নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − one =