নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিতাই :: বুধবার ২৫,মার্চ :: সিতাই বিধানসভা কেন্দ্রকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। জনতা উন্নয়ন পার্টির প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অভিযোগ, প্রার্থী ঘোষণার পরই রবিবার গভীর রাতে একদল দুষ্কৃতি সিতাই বিধানসভার জনতা উন্নয়ন পার্টির প্রার্থী মানিক চন্দ্র রায়ের বাড়িতে চড়াও হয়।
বাড়ির ওপর ঢিল ছোড়ার পাশাপাশি অশ্রাব্য গালিগালাজ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি। ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন প্রার্থী ও তাঁর পরিবার। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান মানিকবাবু।
এই ঘটনায় সোমবার জনতা উন্নয়ন পার্টির কোচবিহার জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
দলের জেলা সভাপতি সুমন মিয়া জানান, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং তাঁদের প্রার্থীকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। দ্রুত পুলিশি নিরাপত্তা দেওয়ার দাবিও জানান তিনি।

