নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: শুক্রবার ২৭,মার্চ :: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলায় রাজনৈতিক প্রচার ক্রমশই তীব্র আকার নিচ্ছে। এই আবহেই গ্রামবাংলার বাস্তব সমস্যাকে সামনে রেখে প্রচারে নামলেন ঝাড়গ্রাম বিধানসভার সিপিআইএম প্রার্থী অর্জুন মাহাতো।
এদিন ঝাড়গ্রাম লাগোয়া লোহামেলিয়া, জমনিকাটা সহ কুর্মি অধ্যুষিত একাধিক গ্রামে জোরদার প্রচার চালান তিনি। গ্রাম থেকে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ মন দিয়ে শোনেন। প্রচারের মূল কেন্দ্রবিন্দুতে উঠে আসে আলু চাষীদের দুর্দশার কথা।
চাষের খরচ ক্রমাগত বাড়লেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় চরম সংকটে পড়েছেন কৃষকরা—এমন অভিযোগই বারবার উঠে আসে চাষীদের মুখে।
অনেকেই জানান, আলুর বাজারদর ওঠানামা করায় উৎপাদনের খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিতে অর্জুন মাহাতো কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন।
তিনি বলেন, চাষীদের ন্যায্য দাম নিশ্চিত করা এবং সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই তাঁদের অন্যতম লক্ষ্য। তাঁর কথায়, “চাষীরা বাঁচলে তবেই গ্রাম বাঁচবে, আর গ্রাম বাঁচলেই প্রকৃত পরিবর্তন সম্ভব।”

