প্রার্থী ঘোষণা হতেই চন্দননগরে বিজেপির অন্দরে ফাটল, রাস্তায় নেমে বিক্ষোভ”

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: শুক্রবার ২৭,মার্চ :: বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তেই চন্দননগরে বিজেপির অন্দরে ক্ষোভ-বিক্ষোভ প্রকাশ্যে চলে এল। দলীয় প্রার্থী ঘোষণার পরই ‘আলোর শহর’-এ পদ্ম শিবিরে অসন্তোষের ছবি স্পষ্ট হয়ে উঠেছে।

বাগবাজার এলাকায় বিজেপির একাংশ নেতা ও কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলীয় নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত নেয়নি এবং স্থানীয় মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। এই ক্ষোভ দ্রুতই সংগঠনের ভেতরে ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি আরও জটিল আকার নেয় বৃহস্পতিবার বেলা প্রায় বারোটার সময়। জ্যোতির মোড়ে জড়ো হন বিজেপির কয়েকজন কর্মী-সমর্থক। সেখানেও প্রার্থীর বিরুদ্ধে স্লোগান তোলা হয় এবং সরাসরি প্রার্থী পরিবর্তনের দাবি জানানো হয়।

বিক্ষোভকারীদের বক্তব্য, এই প্রার্থীকে নিয়ে ভোটে লড়াই করা কঠিন হবে এবং এতে দলের ফলাফলেও প্রভাব পড়তে পারে। অন্যদিকে, গোটা বিষয়টি নিয়ে বিজেপির নেতা দীপাঞ্জন গুহ প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। তাঁর এই নীরবতা জল্পনা আরও বাড়িয়ে তুলেছে।

এই ঘটনার পর চন্দননগরে বিজেপির সংগঠনিক ঐক্য ও শক্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্বাচনের আগে এই ধরনের অন্তর্দ্বন্দ্ব দলের জন্য কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − two =