নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তালসারি(উড়িষ্যা) :: রবিবার ২৯,মার্চ :: বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। উড়িষ্যার তালসারিতে শুটিং চলাকালীন জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, একটি ধারাবাহিকের শুটিংয়ের কাজে উড়িষ্যার সমুদ্র উপকূলবর্তী তালসারিতে গিয়েছিলেন অভিনেতা। শুটিং শেষ হওয়ার পর সমুদ্রে নামেন তিনি। সেই সময় আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে জলে তলিয়ে যান।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। অন্য একটি সূত্রে জানা গেছে, সমুদ্রে বোটে ওঠানামার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
এরপর দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মাত্র ৪২-৪৩ বছর বয়সে এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা বিনোদন জগৎ। সহকর্মী থেকে অনুরাগী—সকলেই এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ছোটপর্দা ও বড়পর্দা—দুই ক্ষেত্রেই নিজের অভিনয়ের দক্ষতায় দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন রাহুল। বিশেষ করে “চিরদিনই তুমি যে আমার” ছবির মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই আকস্মিক মৃত্যুতে বাংলা সিনেমা জগতে এক অপূরণীয় ক্ষতি হল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

