নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: সোমবার ৩০,মার্চ :: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত মূলটি এলাকায় ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, রাস্তার উপর আগুন জ্বালিয়ে অবরোধে সামিল হন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। এর জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ ধামুয়া রোড।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মূলটি গ্রাম পঞ্চায়েতের ৮৯ নম্বর বুথে মোট ৩৩ জন বৈধ ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। সংশ্লিষ্ট ভোটারদের নাম এসআইআর প্রক্রিয়ার সময় বিচারাধীন অবস্থায় ছিল।
কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, সেই ৩৩ জনের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসীরা।
অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্ত্বেও বৈধ ভোটারদের নাম বাদ পড়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। তাঁদের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে এবং বাদ পড়া নামগুলি পুনরায় তালিকাভুক্ত করতে হবে।
বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করায় ধামুয়া রোডে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। নিত্যযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।

