নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাঁকরাইল :: সোমবার ৩০,মার্চ :: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সাঁকরাইল ব্লকে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। প্রচারের মাঝেই বিজেপিতে বড়সড় ভাঙন দেখা দিল।
গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত সাঁকরাইলের ধানঘোরী অঞ্চলের কুলডিহা বুথে বিজেপির এক মণ্ডল কমিটির সদস্য অসিত পাত্র সহ প্রায় ৩০টি পরিবার দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল প্রার্থী অজিত মাহাতোর হাত ধরে ওই পরিবারগুলির আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়।
এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউত সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। দলবদলের এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে বিজেপি শিবিরে।
ভোটের আগে এই ধরনের ভাঙন যে সংগঠনের উপর প্রভাব ফেলতে পারে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও মানুষের প্রতি আস্থার কারণেই বিরোধী শিবির ছেড়ে সাধারণ মানুষ তৃণমূলে ভিড় জমাচ্ছেন। যদিও বিজেপির তরফে এই ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ স্থানীয় নেতৃত্ব।

