নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: সোমবার ৩০,মার্চ :: এস আই আর এ (SIRA) নির্বাচন কমিশনের সম্পূরক ভোটার তালিকা নিয়ে ব্যাপক অসন্তোষ ছড়িয়েছে দিনহাটা বিধানসভা এলাকায়। তালিকায় বিচারাধীন ভোটারদের নাম না থাকায় প্রতিবাদ জানিয়ে এলাকার বাসিন্দারা পথ অবরোধ করেন।
সোমবার সকাল থেকে বুড়িরহাট, নাজিরহাট, চৌধুরীহাট, বামনহাট সহ বিভিন্ন এলাকায় এই পথ অবরোধের ডাক দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে এসে অবরোধ সৃষ্টি করেন, যা এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি করে।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করেও তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁরা জানান, যাঁদের নাম বিচারাধীন অবস্থায় তালিকায় থাকার কথা, তাঁরাও এই সম্পূরক তালিকায় স্থান পাননি। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
অন্যদিকে, স্থানীয় সূত্রে খবর, এই পথ অবরোধের নেপথ্যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রয়েছে। তবে এই বিষয়ে দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

