বিজেপির গড়ে বড় ভাঙন – ডায়মন্ড হারবারে ৮০ পরিবার তৃণমূলে, ভোটের আগে জোর ধাক্কা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: বুধবার ১,এপ্রিল :: দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক মানচিত্রে ভোটের আগে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল ডায়মন্ড হারবার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। দীর্ঘদিন ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকাতেই এবার ভাঙন ধরল গেরুয়া শিবিরে।

বিজেপি ছেড়ে প্রায় ৮০টি পরিবার সোমবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদারের সমর্থনে ব্যাপক জনসংযোগ ও নির্বাচনী প্রচার কর্মসূচি নেওয়া হয়।এই কর্মসূচিকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। তৃণমূলের পতাকা হাতে নিয়ে রাস্তায় নামেন দলীয় কর্মী-সমর্থকরা। প্রচারের মূল লক্ষ্য ছিল ভোটারদের কাছে পৌঁছে সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরা এবং বিরোধীদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা।

এই প্রচারে বিশেষভাবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের তৃণমূল পর্যবেক্ষক তথা মগরাহাট পশ্চিমের প্রার্থী শামীম আহমেদ।

তাঁর উপস্থিতি কর্মসূচিতে বাড়তি গুরুত্ব এনে দেয়। পাশাপাশি উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর এবং তৃণমূলের একাধিক শীর্ষ নেতা। তাঁদের সক্রিয় উপস্থিতিতে কর্মসূচি আরও শক্তিশালী হয়ে ওঠে।

প্রচার চলাকালীনই বিজেপি ছেড়ে আসা প্রায় ৮০টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়। শামীম আহমেদ এবং পান্নালাল হালদারের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নতুন সদস্যদের ফুলের মালা পরিয়ে এবং স্লোগানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়।

যোগদানকারীদের অনেকেই জানিয়েছেন, উন্নয়নের স্বার্থে এবং এলাকার সামগ্রিক অগ্রগতির কথা ভেবেই তারা তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ডায়মন্ড হারবার পৌরসভার ২ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

সেই জায়গায় এত বড় সংখ্যায় পরিবার দলবদল করায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভোটের মুখে এই ধরনের ভাঙন বিজেপির সংগঠনের ওপর চাপ বাড়াবে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে বড়সড় মনোবল বাড়ানোর কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 18 =