মনোনয়ন জমা দিলেন ফলতা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বৃহস্পতিবার ২,এপ্রিল :: ফলতা বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আবহেই বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর পূর্ণ তিথিতে শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান।

দিনটি ঘিরে ছিল উৎসবের আবহ, আর সেই আবহকেই কাজে লাগিয়ে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে নিজের প্রার্থীপদকে আরও জোরালোভাবে তুলে ধরলেন তিনি। এদিন সকালে ডায়মন্ড হারবার মহকুমার ময়দান থেকে শুরু হয় বিশাল মিছিল।

হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান, আর সঙ্গে ছিল ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র—সব মিলিয়ে একেবারে উৎসবের চেহারা নেয় গোটা এলাকা।

কয়েক হাজার কর্মী-সমর্থক এই মিছিলে পা মেলান বলে দলীয় সূত্রে জানা যায়। মিছিলটি ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে অগ্রসর হয়ে পৌঁছয় ডায়মন্ড হারবার প্রশাসন ভবনে, যেখানে জাহাঙ্গীর খান আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন।

মিছিল চলাকালীন রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও এই দৃশ্য উপভোগ করেন। অনেকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রার্থীকে। স্থানীয়দের একাংশের মতে, এত বড় মিছিল এই এলাকায় খুব কমই দেখা যায়, যা স্পষ্টভাবেই তৃণমূল কংগ্রেসের সংগঠনের শক্তিকে তুলে ধরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 5 =