নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৩,এপ্রিল :: মালদহের ইংরেজবাজারের বাঁধা পুকুর এলাকায় পথ অবরোধকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। অভিযোগ, অবরোধকারীরা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় এবং গাড়ির চালককে মারধর করে গুরুতর জখম করে।
মাথায় আঘাত লাগায় রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, কোনও একটি ঘটনার প্রতিবাদে এলাকায় পথ অবরোধ চলছিল।
সেই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে অবরোধকারীদের সঙ্গে বচসা বাধে, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এরপরই পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ।
ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।

