নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৩,এপ্রিল :: মালদার কালিয়াচক থানার অন্তর্গত হারুচক এলাকায় দিনদুপুরে দুষ্কৃতীদের দাপটে রক্তাক্ত ঘটনা ঘটল। প্রকাশ্যে গুলি চালিয়ে খুনের চেষ্টা করা হল দুই যুবককে। আহতদের নাম রাহমাতুল্লা সেখ (প্রায় ৩০) ও এনামূল (প্রায় ৩১)। তাঁদের বাড়ি মজমপুরের হাড়ুচক এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন হঠাৎই একদল সশস্ত্র দুষ্কৃতী এলাকায় ঢুকে পড়ে এবং লক্ষ্য করে পরপর গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দুই যুবক।
আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার পর দুষ্কৃতীরা গুলি চালাতে চালাতেই সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় তারা একটি মোটরসাইকেল ফেলে রেখে যায়, যা ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে।
প্রাথমিকভাবে অনুমান, এই খুনের চেষ্টার পেছনে জমি সংক্রান্ত পুরনো বিবাদ জড়িত থাকতে পারে। জানা গেছে, রাহমাতুল্লা সেখের বালিয়াডাঙ্গায় একটি বাড়ি রয়েছে, যেখানে এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির আত্মীয় ভাড়া থাকতেন।
সেই বাড়ি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। অভিযোগ, ওই বিবাদের জেরেই এই নৃশংস হামলা হতে পারে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। দীর্ঘদিন পর এমন দুঃসাহসিক ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয়দের মধ্যে।
ইতিমধ্যেই কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের চিহ্নিত করতে তল্লাশি চলছে এবং গোটা ঘটনার পেছনে কোনও বড় চক্র জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

