নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৪,এপ্রিল :: মালদার মানিকচক থেকে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।
নির্বাচনী জনসভা থেকে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা যাদের নাম ভোটার তালিকা থেকে কেটে দিয়েছেন, আগে তাদের সঙ্গেই সভা করে কথা বলুন।”
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসএর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “বাংলার মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। গণতন্ত্রে ভোটই শেষ কথা—সেই ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।” তিনি দাবি করেন, রাজ্যের মানুষ সবকিছু বুঝছেন এবং সময়মতো তার জবাব দেবেন।
প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধন নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা চরমে উঠেছে।
বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে প্রভাব খাটিয়ে ভোটার তালিকায় হস্তক্ষেপ করা হচ্ছে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং সব প্রক্রিয়া নিয়ম মেনেই চলছে।
এই পরিস্থিতিতে মানিকচক থেকে মমতার এই মন্তব্য রাজনৈতিক উত্তাপ আরও বাড়াল বলেই মনে করছেন বিশ্লেষকরা। আগামী দিনে এই ইস্যু যে নির্বাচনী প্রচারের অন্যতম বড় হাতিয়ার হয়ে উঠতে চলেছে, তা বলাই বাহুল্য।

