“তারকা নই, মাটির মানুষ”—মনোনয়নের মঞ্চে বিস্ফোরক রাজন্যা

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শনিবার ৪,এপ্রিল :: সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী রাজন্যা হালদারের মনোনয়ন ঘিরে নাটকীয়তা কাটল অবশেষে।

শুক্রবার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু অসংগতি থাকার কারণে মনোনয়নপত্র জমা দিতে না পারলেও, শনিবার সেই সমস্যার সমাধান করে বারুইপুরের এসডিও অফিসে গিয়ে সফলভাবে মনোনয়ন জমা দিলেন তিনি।

তাঁর এই প্রত্যাবর্তন এবং মনোনয়ন জমা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার মনোনয়ন জমা দিতে গিয়ে হঠাৎই ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু জটিলতা সামনে আসে, যার ফলে নির্ধারিত সময়ে প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হয়নি।

তবে হাল ছাড়েননি রাজন্যা হালদার। রাতারাতি সেই সমস্যা মিটিয়ে শনিবার ফের নতুন উদ্যমে বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে হাজির হন তিনি। তাঁর সঙ্গে ছিলেন সমর্থকরা, এবং মনোনয়ন জমা দেওয়ার পর তাঁদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজন্যা হালদার স্পষ্ট ভাষায় জানান, তিনি রাজনীতিতে এসেছেন সাধারণ মানুষের জন্য কাজ করতে। তাঁর কথায়, “আমাদের মধ্যে সাধারণ মানুষের জন্য কাজ করার খিদে রয়েছে।

আমরা কোনো তারকা নই যে হাতে সানস্ক্রিন বা স্যানিটাইজার নিয়ে মানুষের সঙ্গে হাত মেলাবো। আমরা মাটির মানুষ, মানুষের সমস্যার সমাধান করতেই রাজনীতিতে এসেছি।” তিনি সোনারপুর দক্ষিণ কেন্দ্রের উন্নয়ন নিয়ে একাধিক প্রশ্ন তোলেন।

কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে বরাদ্দ হওয়া অর্থ কোথায় গেল এবং সেই অর্থে প্রকৃত কাজ কেন হলো না—এই নিয়ে সরব হন তিনি। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, আর সেই কারণেই তিনি এই নির্বাচনে লড়াই করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eleven =