জাকির আলী :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: রবিবার ৫,এপ্রিল :: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অবশেষে ইরানে নিখোঁজ এক মার্কিন বিমান সেনাকে নাটকীয় অভিযানে উদ্ধার করল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।
গোপনীয়তা বজায় রেখে চালানো এই উদ্ধার অভিযান ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
সূত্রের খবর, কয়েকদিন আগে একটি নজরদারি মিশনের সময় ইরানের আকাশসীমার কাছে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ওই মার্কিন বিমান সেনা। এরপরই শুরু হয় তৎপরতা। যদিও প্রথমদিকে ইরান সরকার এ বিষয়ে কোনও তথ্য অস্বীকার করে, কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি দ্রুত অবস্থান নির্ণয়ে নামে।

ঝুঁকিপূর্ণ পরিবেশে বিশেষ বাহিনীকে কাজে লাগিয়ে পরিকল্পনা করা হয় এই অভিযান
পেন্টাগন সূত্রে জানা গেছে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে বিশেষ বাহিনীকে কাজে লাগিয়ে পরিকল্পনা করা হয় এই অভিযান। গভীর রাতে সীমান্তবর্তী একটি দুর্গম এলাকায় হেলিকপ্টার নামিয়ে কমান্ডোরা গোপনে প্রবেশ করে। প্রায় কয়েক ঘণ্টার টানটান উত্তেজনার পর অবশেষে ওই সেনাকে উদ্ধার করা সম্ভব হয়।
অভিযান চলাকালীন কিছুক্ষণের জন্য গোলাগুলির ঘটনাও ঘটে বলে জানা গেছে। যদিও মার্কিন পক্ষের দাবি, কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি এবং অভিযানে অংশ নেওয়া সব সদস্য নিরাপদে ফিরে এসেছেন।
এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। কূটনৈতিক মহলের মতে, এমন গোপন সামরিক অভিযান ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে।
এদিকে উদ্ধার হওয়া সেনাকে চিকিৎসার জন্য একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।
বিশেষজ্ঞদের মতে, এই সফল অভিযান একদিকে যেমন মার্কিন সামরিক দক্ষতার প্রমাণ, তেমনই মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক টানাপোড়েনের নতুন মাত্রা যোগ করল।

