নির্বাচনী লড়াইয়ে আনুষ্ঠানিকভাবে নাম লেখালেন ১৩২ নম্বর সাগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন তাঁর মনোনয়ন জমাকে ঘিরে ছিল চোখে পড়ার মতো উন্মাদনা এবং ব্যাপক জনসমাগম।
সকাল থেকেই কাকদ্বীপ শহর এবং আশপাশের এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের ভিড় জমতে শুরু করে। তৃণমূলের পতাকা, ব্যানার, ফেস্টুনে ছেয়ে যায় রাস্তা। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার শব্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মনোনয়ন জমা দেওয়ার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
সেই শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার কর্মী-সমর্থক। ‘জয় বাংলা’, ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে কাকদ্বীপের রাস্তাঘাট। শোভাযাত্রা কাকদ্বীপের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছয়।
সেখানে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে নিজের মনোনয়নপত্র জমা দেন বঙ্কিমচন্দ্র হাজরা। প্রশাসনিক নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই সম্পন্ন হয় পুরো প্রক্রিয়া। মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের একাধিক স্থানীয় নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিত্ব।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী সুরে বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, “বাংলার মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত কয়েক বছরে রাজ্যে যে উন্নয়ন হয়েছে, তা নজিরবিহীন। তাই আমি নিশ্চিত, চতুর্থ বারের জন্য ফের বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

