নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ৬,এপ্রিল :: বর্ধমানে সিপিআইএমের জেলা কার্যালয় থেকে মিছিল করে সোমবার মনোনয়ন জমা দিলেন দলের নয় জন মনোনীত প্রার্থী। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচার শুরু করেছে বাম শিবির।
এদিন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ কেন্দ্র থেকে রামজীবন রায়, বর্ধমান দক্ষিণ থেকে সুদীপ্ত গুপ্ত, রায়না থেকে সোমনাথ মাজি, জামালপুর থেকে সমর হাজরা, মেমারি থেকে কৃষাণু ভদ্র,
বর্ধমান উত্তর থেকে মামনি মণ্ডল, ভাতার থেকে হাসিনা খাতুন, আউসগ্রাম থেকে চঞ্চল কুমার মাজি এবং গলসি কেন্দ্র থেকে মনিমালা দাস মনোনয়নপত্র জমা দেন।
জেলা কার্যালয় থেকে প্রার্থীরা মিছিল করে প্রশাসনিক দফতরে পৌঁছন। তাঁদের সঙ্গে ছিলেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা। মিছিল ঘিরে এলাকায় রাজনৈতিক উৎসাহ চোখে পড়ে।
সিপিআইএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অপূর্ব চট্টোপাধ্যায় জানান, ইতিমধ্যেই জোরকদমে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। তিনি বলেন, “আমরা আশাবাদী, মানুষ আমাদেরই পাশে থাকবেন। বাংলার মানুষ পরিবর্তন চাইছেন”।
তাঁর দাবি, সাধারণ মানুষ বর্তমান পরিস্থিতিতে তৃণমূল ও বিজেপি—উভয় দলের প্রতিই বিরক্ত। সেই কারণেই বাম ও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে জনসমর্থন বাড়ছে বলে মত তাঁর।

