সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: সোমবার ৬,এপ্রিল :: –বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।
সেই আবহেই সোমবার কর্মী-সমর্থকদের বিশাল সমাবেশ নিয়ে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমান ব্যানার্জি মনোনয়নপত্র জমা দিলেন বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে।
মনোনয়ন জমাকে কেন্দ্র করে এদিন বারুইপুর শহর কার্যত তৃণমূলের শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী-সমর্থকেরা জড়ো হতে শুরু করেন। তৃণমূলের পতাকা, ব্যানার এবং ফেস্টুনে সাজানো হয় গোটা এলাকা।
ঢাক-ঢোলের তালে, স্লোগানের ঝড় তুলে একটি বিশাল শোভাযাত্রা বের হয়, যার নেতৃত্ব দেন প্রার্থী বিমান ব্যানার্জি। শোভাযাত্রা বারুইপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরের দিকে এগিয়ে যায়। ‘জয় বাংলা’ এবং দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
প্রশাসনের তরফে নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়েছিল। নির্দিষ্ট নিয়ম মেনে এসডিও অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেন বিমান ব্যানার্জি। তাঁর সঙ্গে ছিলেন দলের একাধিক নেতা এবং বিশিষ্ট কর্মীরা।
মনোনয়ন জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিমান ব্যানার্জি আত্মবিশ্বাসের সুরে জানান, “বারুইপুর পশ্চিমের মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবেন।
গত কয়েক বছরে রাজ্য সরকার যেভাবে মানুষের পাশে থেকেছে, তা সাধারণ মানুষ উপলব্ধি করেছেন। তাই এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে।”

