নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: বুধবার ৮,এপ্রিল :: ফালাকাটা ব্লকের বন্যপ্রাণীর হামলাপ্রবণ এলাকাগুলিতে মঙ্গলবার প্রথমবার ভোট প্রচারে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুভাষচন্দ্র রায়।
স্থানীয় সূত্রে খবর, এখনও পর্যন্ত ওই অঞ্চলে বিজেপি প্রার্থীর তেমন কোনও সক্রিয় প্রচার চোখে পড়েনি।
এদিন বংশীধরপুর গ্রামে গিয়ে ভোটের আবেদন জানান তিনি। তবে রাজনৈতিক প্রচারের চেয়ে বেশি গুরুত্ব পায় গ্রামবাসীদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। প্রার্থীকে ঘিরে ধরে হাতজোড় করে বাসিন্দারা জানান,
প্রায় প্রতিদিনই জলদাপাড়া সংলগ্ন বনাঞ্চল থেকে হাতির দল গ্রামে ঢুকে পড়ছে। এর ফলে ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
সম্প্রতি যোগেন্দ্রনগর গ্রামে হাতির হামলায় এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। তার উপর গত রবিবার রাতে বংশীধরপুরে চিতাবাঘের হামলায় গবাদি পশুর ক্ষতি হয়েছে। ফলে গোটা এলাকায় চরম ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের।
গ্রামবাসীদের অভিযোগ, এই পরিস্থিতিতে ভোটের উৎসবের আমেজ অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। তাই প্রার্থী গ্রামে পৌঁছতেই অনেকেই সরাসরি দাবি তোলেন—নির্বাচিত হলে যেন বন্যপ্রাণীর হামলা থেকে রক্ষা পেতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।
প্রার্থী সুভাষচন্দ্র রায় গ্রামবাসীদের আশ্বস্ত করে বলেন, গত কয়েক বছরে বন্যপ্রাণীর হামলার ঘটনা বেড়েছে, তা তিনি স্বীকার করছেন। নির্বাচিত হলে বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

