ওন্দায় বড়সড় রদবদল : মনোনয়ন প্রত্যাহার করে তৃণমূলে যোগ দিলেন হুমায়ুন কবিরের দলের প্রার্থী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার ৮,এপ্রিল :: বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণ ওলটপালট হয়ে গেল।

ওন্দায় দলবদলের হিড়িক অব্যাহত রেখে এবার সরাসরি ‘আম জনতা উন্নয়ন পার্টি’র প্রার্থী মতিবুল খান ঘাসফুল শিবিরে যোগদান করলেন। মঙ্গলবার রাতে ওন্দার তৃণমূল প্রার্থী সুব্রত দত্তের হাত ধরে তিনি তৃণমূলে শামিল হন।

কিছুদিন আগেই রেজিনগরে গিয়ে বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে তাঁর নবগঠিত দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’তে যোগ দিয়েছিলেন মতিবুল খান। হুমায়ুনের নির্দেশেই তিনি ওন্দা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন।

কিন্তু নাটকীয় মোড় নিয়ে মঙ্গলবার তিনি সেই মনোনয়ন প্রত্যাহার করে নেন এবং শাসকদলে যোগ দেন।

তৃণমূলে যোগ দেওয়ার পরেই নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মতিবুল। তাঁর দাবি, এই মুহূর্তে বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করাই প্রধান লক্ষ্য। হুমায়ুন কবিরের দলের রণকৌশল নিয়ে অসন্তোষ প্রকাশ করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

ওন্দার তৃণমূল প্রার্থী সুব্রত দত্ত এই যোগদান প্রসঙ্গে বলেন: “আম জনতা পার্টি আসলে মুসলিম ভোট ভাগাভাগি করে ঘুরপথে বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছে। মতিবুল বাবু সেটা বুঝতে পেরেই উন্নয়নের স্বার্থে দিদির সৈনিক হিসেবে কাজ করতে এগিয়ে এসেছেন।

ভোটের মুখে ওন্দায় অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের তৃণমূলে ফেরার প্রবণতা বাড়ছে। রাজনৈতিক মহলের মতে, মতিবুল খানের মতো প্রার্থীর সরে দাঁড়ানো এবং তৃণমূলে যোগ দেওয়া ওন্দা বিধানসভায় শাসক শিবিরের মাটি আরও শক্ত করবে এবং বিরোধী ভোটব্যাঙ্কে ফাটল ধরাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =