পটাশপুরে ভোট প্রচারে রক্তাক্ত সংঘর্ষ! বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ,

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পটাশপুর :: বৃহস্পতিবার ৯,এপ্রিল :: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত পুরুষোত্তমপুর গ্রামে উত্তেজনা ছড়ায় রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে। পটাশপুর বিধানসভার বিজেপি প্রার্থী তপন মাইতি’র সমর্থনে পুরুষোত্তমপুর গ্রামে জোরকদমে চলছিল ভোট প্রচার অভিযান।

সেই সময়ই অভিযোগ, হঠাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়। পাশাপাশি, মারধরও করে বলে অভিযোগ। এই হামলায় এক বিজেপি কর্মী গুরুতর জখম হন। আহত অবস্থায় তাঁকে দ্রুত এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। এই ঘটনার প্রতিবাদে পটাশপুরের বিভিন্ন জায়গায় রাজ্য সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়। যার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি—যারা এই হামলার সঙ্গে যুক্ত, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে পটাশপুর থানায় বিজেপির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের মুখে পটাশপুরে এই ধরনের হিংসাত্মক ঘটনা নতুন করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ালো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =