নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: শুক্রবার ১০,এপ্রিল :: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করতে সক্রিয় তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফালাকাটা দলীয় কার্যালয়ে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ফালাকাটা ব্লক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্য, ফালাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুভাষচন্দ্র রায়ের জয় নিশ্চিত করা।
সভায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি অনুমোদিত বিভিন্ন ইউনিট ও শাখা সংগঠনের নেতৃত্বরা। নির্বাচনী প্রস্তুতি, প্রচারের কৌশল এবং সংগঠনকে বুথভিত্তিকভাবে আরও সক্রিয় করার মতো একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংগঠনের ব্লক সভাপতি অশোক সাহা জানান, প্রার্থীকে জেতাতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়ে কর্মীদের স্পষ্ট দিকনির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন রোড শো, তারকা প্রচার এবং সেই প্রচারকে কীভাবে সফল করা যায়, তা নিয়েও আলোচনা হয়।
নির্বাচনের আগে এই ধরনের সংগঠনিক বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল শিবিরের দাবি, শ্রমিক সংগঠনের এই সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

