নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: শুক্রবার ১০,এপ্রিল :: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উত্তর কুসুম এলাকায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা।
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার মানসিক আঘাত সহ্য করতে না পেরে মৃত্যু হল মাহাবুব গাজী (৪৬) নামে এক দিনমজুরের।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার ও এলাকাজুড়ে, পাশাপাশি উঠেছে প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। স্থানীয় সূত্রে জানা যায়, মাহাবুব গাজী পেশায় দিনমজুর হলেও দর্জির কাজ করতেন। তাঁর বাড়ি ছিল সংগ্রামপুর এলাকায়, তবে বিয়ের পর তিনি উত্তর কুসুম এলাকায় বসবাস শুরু করেন।
দীর্ঘদিন ধরে তিনি ভোটার হিসেবে নিজের অধিকার প্রয়োগ করে এসেছেন। পরিবার সূত্রে দাবি, ২০০২ সালেও তিনি ভোট দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধনের সময় তাঁর নাম হঠাৎ করেই তালিকা থেকে বাদ পড়ে।
পরিবার জানায়, এসআইআর প্রক্রিয়ার সময় সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হলেও নথিপত্রে কিছু অসংগতির কারণে তাঁর নাম “আন্ডার অ্যাডজুডিকেশন” অবস্থায় দেখানো হয়।
এরপরও বারবার বিভিন্ন দপ্তরে ঘুরে কাগজ জমা দিয়েও সমস্যার সমাধান হয়নি। শেষপর্যন্ত তাঁর নাম ভোটার তালিকা থেকে মুছে যায়।
এই ঘটনায় মারাত্মক মানসিক চাপে পড়েন মাহাবুব গাজী। পরিবার জানায়, নাম বাদ পড়ার পর থেকেই তিনি গভীর উদ্বেগ ও অবসাদে ভুগছিলেন। দিনরাত দপ্তরের দ্বারে দ্বারে ঘুরেও কোনও সমাধান না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে বানেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

