কমিশনের কাছে মতুয়া সম্প্রদায়ের মানুষদের জন্য নিঃশর্ত ভোটাধিকার দাবী হিন্দুমহাসভার

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১০,এপ্রিল :: নির্বাচন কমিশনের কাছে ইতিপূর্বেই চিঠি লিখে মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষদের জন্য নিঃশর্ত ভোটাধিকার দাবী করেছে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিলভারত হিন্দুমহাসভা ।

এবার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে আজ ঠাকুরনগরে হিন্দুমহাসভার মতুয়া সম্প্রদায়ভুক্ত সদস্যরা প্রথমে রেল স্টেশন থেকে মন্দির পর্যন্ত “জাস্টিস ফর মতুয়া” পদযাত্রা, পথসভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান পালন করলেন ।তাঁদের বক্তব্য আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রয়োজনে বিশেষ নিয়ম প্রয়োগ করে যে কোন মূল্যে মতুয়াদের নিঃশর্ত ভোটাধিকার দিতে হবে ।

ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য আসন্ন নির্বাচনে আমরা বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী দিচ্ছি এবং আমি নিজেও টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি ।

কিন্তু আমাদের বক্তব্য মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষ তথা সমস্ত পূর্ব বঙ্গীয় হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য নয়, ধর্ম বাঁচানোর জন্য দেশ ত্যাগ করতে বাধ্য হয়ে ছিলেন । ধর্মান্তরিত হয়ে গেলে তাঁরা প্রাণে বেঁচে যেতেন ।

কিন্তু পূর্ব বঙ্গের ভিটে মাটি ছেড়ে ওনারা উদ্বাস্তু হতে বাধ্য হয়েছিলেন শুধুমাত্র সনাতনী হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ ছিলেন বলে ।

তাই ভারতের মহান নির্বাচন কমিশন এবং ভারত সরকার সত্যি যদি চায় পূর্ব বঙ্গীয় উদ্বাস্তু হিন্দু তথা মতুয়াদের গণতান্ত্রিক অধিকার রক্ষিত হোক তাহলে নিঃশর্তে সমস্ত মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষদের নাম প্রয়োজনে বিশেষ ব্যবস্থা করে ভোটার তালিকায় তুলে দিতে হবে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − seven =