নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পুড়শুড়া(হুগলি) :: শনিবার ১১,এপ্রিল :: নির্বাচনের আগে উত্তপ্ত হুগলির পুরশুড়া। তৃণমূল ও বিজেপির সংঘর্ষে আহত কমপক্ষে ১০ জন। তৃণমূলের উপপ্রধানসহ তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে।
পাল্টা বিজেপির অভিযোগ, প্রচার চলাকালীন তাঁদের উপর হামলা চালানো হয়েছে। ঘটনায় শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে পুরশুড়া বিধানসভার অন্তর্গত কেলেপাড়া এলাকা।
জানা গিয়েছে, কর্মী-সমর্থকদের নিয়ে কেলেপাড়া এলাকায় প্রচার করছিলেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক বিমান ঘোষ।
ওই এলাকাতেই বাড়ি তৃণমূল পরিচালিত কেলেপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রীকান্ত মালিকের। তাঁদের অভিযোগ, এদিন বিমান ঘোষের প্রচার উপপ্রধানের বাড়ির কাছে এলে হঠাৎ বিজেপি কর্মী-সমর্থকরা তাঁদের বাড়িতে ইট ছোড়ে এবং তাঁদের উদ্দেশে গালিগালাজ শুরু করে।
উপপ্রধান প্রতিবাদ করতে এলে তাঁকে মারধর করা হয়। তাঁকে বাঁচাতে এলে তাঁর স্ত্রী, দাদা ও বৌদিসহ মোট পাঁচজনকে মারধর করা হয় বলে অভিযোগ। পুরো ঘটনাটি বিমান ঘোষের নেতৃত্বেই ঘটেছে বলে অভিযোগ উপপ্রধানের পরিবারের।
পাল্টা বিজেপির অভিযোগ, এদিন প্রচার চলাকালীন উপপ্রধানের বাড়ির এলাকায় পৌঁছাতেই তিনি ও তাঁর পরিবারের লোকজন লাঠি-বাঁশ নিয়ে তাঁদের উপর চড়াও হন এবং প্রচারে বাধা দেন।
জয় বাংলা স্লোগান দিয়ে তাঁদের উত্তপ্ত করার চেষ্টা করে। প্রতিবাদ করতে গেলে তাঁদের উপর পাল্টা মারধর করা হয় বলে অভিযোগ।ঘটনায় উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন।

