মঙ্গলকোটে বড় ভাঙন – কি বললেন শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা  :: ১২, এপ্রিল :: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে বড় ধাক্কা খেল শাসকদল। দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতা তথা বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিকাশ নারায়ণ চৌধুরী দল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে।

কলকাতায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলে এই যোগদানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই মঙ্গলকোটে দলের অন্যতম সংগঠক হিসেবে কাজ করেছেন বিকাশবাবু।

এলাকায় সংগঠন গড়ে তোলা থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে সামনের সারিতে ছিলেন তিনি। বিকাশ নারায়ণ চৌধুরীর দাবি, ২০০৯ সালের ৮ আগস্ট মঙ্গলকোটে সিপিএমের প্রশাসনিক অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সভার নেতৃত্ব দেওয়ার জেরেই তাঁকে একাধিক মামলায় জড়ানো হয়।

সেই সময় প্রায় সাত বছর জেলেও থাকতে হয়েছে বলে অভিযোগ তাঁর। তবে সেই কঠিন সময়ে দলের পক্ষ থেকে কোনও সহায়তা পাননি বলেই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

তিনি আরও জানান, জেল থেকে বেরিয়ে গত দু’বছর ধরে নিয়ম মেনে দলের শীর্ষ নেতৃত্বের কাছে বারবার আবেদন জানিয়েও কোনও গুরুত্ব পাননি। সংগঠনে তাঁর জায়গা না হওয়ায় দীর্ঘদিনের ক্ষোভ আরও বাড়তে থাকে।

কিছুদিন আগেই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন বিকাশবাবু। এরপরই আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। দলবদলের পর বিকাশ নারায়ণ চৌধুরী জানান, “তৃণমূল কংগ্রেসের জন্য জীবনের অনেকটা সময় দিয়েছি।

মিথ্যা মামলায় জেল খেটেছি। কিন্তু দুঃসময়ে দল পাশে দাঁড়ায়নি। তাই বাধ্য হয়েই নতুন রাজনৈতিক পথ বেছে নিলাম”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =