ভাঙ্গড়ে আইএসএফ কর্মীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: ১২, এপ্রিল :: বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড়ে এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ভাঙ্গড় ২ নম্বর ব্লকের ভোগালী ১ নম্বর অঞ্চলের রঘুনাথপুর খালপাড় এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, হাবিবুর রহমান মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় উত্তর কাশিপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সকাল থেকেই ওই ব্যক্তির ওপর নজরদারি চালানো হচ্ছিল। পরে তিনি বাড়িতে ঢুকতেই পুলিশ অভিযান চালায়।

তল্লাশি চলাকালীন তার বাড়ি থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার হয়। অভিযুক্তের পরিবারের দাবি, এই অস্ত্র ও কার্তুজ কোথা থেকে এসেছে তা তাদের জানা নেই।

তবে হাবিবুর রহমান মোল্লা যে আইএসএফের কর্মী এবং বিভিন্ন মিটিং-মিছিলে অংশ নেন, তা পরিবারের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ সূত্রে দাবি করা হয়েছে যে অভিযুক্ত ব্যক্তি অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত থাকতে পারে। প্রাথমিকভাবে তাকে আর্মস ডিলার বলে সন্দেহ করা হচ্ছে।

এই অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় সরবরাহ করা হতো, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই হাবিবুর রহমান মোল্লাকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + seventeen =