নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: ১২, এপ্রিল :: পূর্ব মেদিনীপুরে রাজনৈতিক শিবিরে নতুন চর্চা, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া নেতা দিবাকর জানা এবার যোগ দিলেন বিজেপিতে ।
তমলুকের মানিকতলা সাংসদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি মলয় সিনহা। উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক বামদেব গুছাইত সহ অন্যান্য নেতৃত্ব।
দিবাকর জানার রাজনৈতিক জীবনের সূচনা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতা হিসেবে।
পরবর্তীতে শহীদ মাতঙ্গিনী ব্লকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান তিনি। এরপর জেলা পরিষদ সদস্য এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে প্রায় পাঁচ বছর আগে দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়।
দলে যোগদানের পর দিবাকর জানা জানান, পাঁচ বছর আগে তৃণমূল আমাকে সাসপেন্ড করেছিল। তারপর থেকে আমি যতটা পেরেছি পেছন থেকে বিজেপিকে সমর্থন করেছি। এবার সরাসরি মাঠে নেমে লড়াই করব। এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় বলেন, দিবাকর জানাকে সাসপেন্ড করার ফলেই ২০২১ সালে ওই এলাকায় তৃণমূল ভালো ফল করেছিল।
তাঁর অভিযোগ, দিবাকর জানা আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত এবং একাধিকবার জেল খেটেছেন। “আজ বিজেপি তাঁকে দলে নিয়ে সাধু বানাচ্ছে। তিনি নিজেই স্বীকার করেছেন আগে থেকেই বিজেপির হয়ে কাজ করতেন।
ফলে এরা নতুন কেউ নন, শুধুই প্রচারের জন্য সামনে আনা হচ্ছে। পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা বামদেব গুছাইত। তিনি বলেন, তৃণমূল এখন শেষ পর্যায়ে, তাই অযথা মন্তব্য করছে। একটা কথাই বলবো তৃণমূলের বন্ধুরা কেউ বিজেপিতে আসতে চাইলে আমরা বিবেচনা করে সুযোগ দেব।

