নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফারাক্কা :: সোমবার ১৩,এপ্রিল :: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের উত্তাপ এখন তুঙ্গে। সোমবার ফারাক্কা বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী ইমতিয়াজ আহমেদ মোল্লার সমর্থনে এক জনসভার আয়োজন করা হয়েছিল।
সভার প্রধান আকর্ষণ ছিলেন মুর্শিদাবাদ জেলার প্রভাবশালী নেতা তথা বিধায়ক হুমায়ুন কবির।তবে সভার শুরুতেই ছন্দপতন ঘটে হেলিকপ্টার বিভ্রাটে।
হুমায়ুন কবির জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে করে তাঁর ফারাক্কায় নামার কথা ছিল। কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে ওড়ার সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় শেষ পর্যন্ত সড়কপথেই তাঁকে সভাস্থলে পৌঁছাতে হয়।
এই বিলম্বের কারণে তিনি সমর্থকদের কাছে ক্ষমাও চেয়ে নেন। বক্তব্যের শুরু থেকেই হুমায়ুন কবিরকে বেশ আক্রমণাত্মক মেজাজে দেখা যায়। বিশেষ করে সভার আয়োজন এবং জনসমাগম নিয়ে তিনি প্রার্থীর ওপর কিছুটা ক্ষোভ উগরে দেন।
তপ্ত রোদে খোলা মাঠে সভার আয়োজন এবং পর্যাপ্ত ছাউনি না থাকায় তিনি আয়োজকদের অনভিজ্ঞতাকেই দায়ী করেন। তিনি বলেন, “এই প্রচণ্ড গরমে খোলা মাঠে এভাবে সভা করলে লোক হবে না। আমি প্রার্থীকে বারবার সতর্ক করেছিলাম।”
হুমায়ুন কবির আরও দাবি করেন, পয়লা এপ্রিল বড়ুয়ায় তাঁর সভায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল এবং সামাজিক মাধ্যমে তাঁর লাইভ সেশনের জনপ্রিয়তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার চেয়েও বেশি ছিল।
অন্যদিকে, প্রার্থী ইমতিয়াজ আহমেদ মোল্লা তাঁর প্রতিক্রিয়ায় জানান, হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাডের চারপাশে সামিয়ানা খাটানো সম্ভব হয়নি, কারণ হেলিকপ্টারের হাওয়ার চাপে তা ছিঁড়ে যাওয়ার ভয় ছিল।
এছাড়াও প্রশাসনের অসহযোগিতা এবং নির্দিষ্ট সময় হেলিকপ্টার না পৌঁছানোকেই সভার লোক কম হওয়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন তিনি। এই প্রচার ঘিরে পুলিশ প্রশাসনের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।

