কড়া নজরদারিতে হুগলির ভোট, প্রযুক্তি ও নিরাপত্তায় নজির গড়তে চলেছে কমিশন

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: সোমবার ১৩,এপ্রিল :: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে হুগলি জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

সোমবার চুঁচুড়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক খুরশিদ আলি কাদরি জানান, আগামী ২৯ এপ্রিল জেলার মোট ১৮টি বিধানসভা কেন্দ্রেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোট প্রক্রিয়াকে নির্ভুল ও স্বচ্ছ রাখতে প্রতিটি বুথে বিশেষ ‘আইডেন্টিফিকেশন টিম’ মোতায়েন করা হচ্ছে। এই দল ভোটারদের পরিচয় দু’দফায় যাচাই করবে, যাতে ভুয়ো ভোট বা ছাপ্পা রোধ করা যায়।

এছাড়াও জেলার ৫৩৮৭টি বুথে ওয়েব কাস্টিং ক্যামেরা বসানো হচ্ছে, যার মাধ্যমে প্রতিটি বুথের পরিস্থিতি সরাসরি নজরদারিতে রাখা হবে।

নির্বাচনের দিন বুথে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ভোটারদের জন্য বুথের বাইরে মোবাইল জমা রাখার বিশেষ ব্যবস্থা থাকবে এবং কুপনের মাধ্যমে তা ফেরত দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

বিশেষ সুবিধার কথা মাথায় রেখে ৮৫ বছরের ঊর্ধ্বে প্রায় ৩০ হাজার ভোটারের জন্য বাড়িতে বসেই ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি প্রায় ১১০০টি বুথ সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত হবে, যা নারী ক্ষমতায়নের এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

নিরাপত্তা জোরদার করতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এছাড়াও ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও রকম জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় নাকা চেকিং চালানো হচ্ছে এবং ইতিমধ্যেই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। নিয়মিত রুটমার্চের পাশাপাশি ভোটের আগে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, সিভিক ভলান্টিয়ারদের কোনওভাবেই ভোট সংক্রান্ত কাজে ব্যবহার করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রশাসন। সব মিলিয়ে, হুগলি জেলায় এবারের ভোটকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে একটি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 19 =