নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: মঙ্গলবার ২১,এপ্রিল :: ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধল। পুলিশ অবজারভারের সঙ্গে বিজেপি প্রার্থীর কথিত গোপন বৈঠককে কেন্দ্র করে সরব হল তৃণমূল কংগ্রেস।
এই ঘটনাকে ঘিরে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও গুরুতর অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্নালাল হালদার একাধিক বিস্ফোরক অভিযোগ করেন।
তাঁর দাবি, কয়েকদিন আগে ডায়মন্ড হারবারের একটি সরকারি অতিথিশালায় পুলিশ অবজারভারের সঙ্গে গোপনে বৈঠক করেছেন বিজেপি প্রার্থী ।
এই বৈঠকের উদ্দেশ্য ছিল তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলা এবং নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা। পান্নালাল হালদার বলেন, “আমাদের দলকে বিপদে ফেলার জন্যই এই ধরনের গোপন বৈঠক করা হয়েছে। আমরা এই বিষয়টি নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে জানাব।
শুধু তাই নয়, আমাদের কাছে উপযুক্ত প্রমাণও রয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্র সরকারের বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে এবং তাদেরকে অযথা হয়রানি করা হচ্ছে।
তৃণমূল প্রার্থীর বক্তব্য অনুযায়ী, নির্বাচন কমিশন বর্তমানে নিরপেক্ষভাবে কাজ করছে না। তিনি বলেন, “আমরা যে অভিযোগ করছি, সেগুলোর কোনো সঠিক তদন্ত হচ্ছে না। অথচ বিজেপি যে অভিযোগ করছে, সেগুলিকে দ্রুত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে।”

