বর্ধমানের তেজগঞ্জের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধারের ঘটনায় নাম জড়াল তৃণমূল ছাত্র পরিষদের পূর্ব বর্ধমান জেলা সভাপতি স্বরাজ ঘোষের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৫,এপ্রিল :: বর্ধমানের তেজগঞ্জের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধারের ঘটনায় নাম জড়াল তৃণমূল ছাত্র পরিষদের পূর্ব বর্ধমান জেলা সভাপতি স্বরাজ ঘোষের। যা নিয়ে ভোটের মুখে চরম অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির।

গত ২২ এপ্রিল তেজগঞ্জের একটি বাড়িতে হানা দিয়ে পুলিশ ও আবগারি দপ্তর প্রায় ২৫ লক্ষ টাকার দেশি-বিদেশি মদ উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক সুশোভন অধিকারীকে। বৃহস্পতিবার বর্ধমান আদালতে সুশোভনের জামিনের সওয়াল চলাকালীন তাঁর আইনজীবী কমল দত্ত এক বিস্ফোরক দাবি করেন।

                                      তেজগঞ্জের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধারে

তিনি আদালতকে জানান, সুশোভনকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। সুশোভন তাঁর ঘরের চাবি ১০ দিনের জন্য স্বরাজ ঘোষকে ব্যবহার করতে দিয়েছিলেন। আইনজীবীর দাবি, ওই ঘরে যে মদ মজুত করা হয়েছে তা সুশোভনের জানা ছিল না।

বিচারক ধৃতকে শর্তসাপেক্ষে জামিন দিলেও গ্রেপ্তারের নিয়ম না মানায় তদন্তকারী অফিসারকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

ঘটনা সামনে আসতেই আসরে নেমেছে বিজেপি। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা-র অভিযোগ, এক সাংসদের নাম ভাঙিয়ে স্বরাজ ঘোষ জোর করে ওই বাড়ির চাবি কেড়ে নিয়েছিলেন।

ভোটের আগে মদ খাইয়ে ভোট লুটের ছক কষতেই এই বিপুল মদ মজুত করা হয়েছিল বলে তাঁদের দাবি। এই মর্মে নির্বাচন কমিশনকে চিঠিও দিচ্ছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =