ভোটের ২৪ ঘণ্টা আগে ‘হাই অ্যালার্ট’ – জয়নগরে রাস্তায় নামল সাঁজোয়া গাড়ি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: সোমবার ২৭,এপ্রিল :: দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের মাত্র ২৪ ঘণ্টা আগে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এলাকাজুড়ে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সাঁজোয়া গাড়ি, যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল এবং নিরাপত্তার অনুভূতি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে জয়নগর মজিলপুর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে টহল দিচ্ছেন রাস্তায় রাস্তায়।

বিশেষ করে স্পর্শকাতর বুথ এবং অতীতে অশান্তির নজির থাকা এলাকাগুলিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। সাঁজোয়া গাড়ির উপস্থিতি সেই নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করেছে।

ভোটের আগে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন বদ্ধপরিকর। ইতিমধ্যেই এলাকায় শুরু হয়েছে রুট মার্চ, যেখানে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের যৌথ বাহিনী অংশ নিচ্ছে।

সাধারণ মানুষকে আশ্বস্ত করতে এবং ভয়মুক্ত পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।

এলাকার বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, গত কয়েকটি নির্বাচনে বিভিন্ন জায়গায় অশান্তির খবর পাওয়া গিয়েছিল। তাই এবারের এই কড়া নিরাপত্তা ব্যবস্থা তাঁদের মধ্যে একধরনের স্বস্তি ফিরিয়ে দিয়েছে।

একজন স্থানীয় বাসিন্দার কথায়, “সাঁজোয়া গাড়ি এবং এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দেখে মনে হচ্ছে প্রশাসন এবার সত্যিই কঠোর। আশা করছি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =