রাতে শক্তিগড়ে দুঃসাহসিক ছিনতাই – ছুরি ও বন্দুকের মুখে সাইকেল আরোহীর কাছ থেকে টাকা-ফোন লুঠ,৩০ মিনিটে দু’দুষ্কৃতী গ্ৰেপ্তার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শক্তিগড় :: সোমবার ২৭,এপ্রিল :: রবিবার রাতের অন্ধকারে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।

বাইকে করে আসা তিন দুষ্কৃতী এক সাইকেল আরোহীকে লক্ষ্য করে প্রথমে ভয় দেখায়, তারপর ছুরি দিয়ে আঘাত করে এবং বন্দুক দেখিয়ে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।

ঘটনা-টি ঘটে শক্তিগড় থানার অন্তর্গত জোতরাম এলাকার জিও পেট্রোল পাম্পের সন্নিকটে। জানা গিয়েছে, আহত ব্যক্তি অতনু পাল, প্রতিদিনের মতো সেদিনও কাজ সেরে সাইকেলে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই পথের মধ্যে ওঁৎ পেতে থাকা দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়।

আচমকা হামলায় কিছু বুঝে ওঠার আগেই তাকে ছুরি দিয়ে আঘাত করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। দুষ্কৃতীরা তার কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা নগদ এবং একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকেন অতনু পাল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত খবর দেন শক্তিগড় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গুরুতর জখম অবস্থায় অতনুকে উদ্ধার করে দ্রুত অনাময় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

ঘটনার পরই তৎপর হয়ে ওঠে শক্তিগড় থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের গতিবিধি চিহ্নিত করা হয়। তদন্তে নেমে মাত্র ৩০ মিনিটের মধ্যেই শক্তিগড় ল্যাংচা বাজার সংলগ্ন এলাকা থেকে দুই দুষ্কৃতীকে গ্ৰেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তৃতীয় দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশের এই দ্রুত পদক্ষেপে বড়সড় সাফল্য এসেছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 13 =