বিয়ে বাড়ির সাজে ভোটকেন্দ্র, বারুইপুরে মডেল বুথে চমকে ভোটাররা

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বুধবার ২৯,এপ্রিল :: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এবারের নির্বাচনে দেখা গেল এক অভিনব চিত্র। গণতন্ত্রের উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে নির্বাচন কমিশনের উদ্যোগে একটি ভোটগ্রহণ কেন্দ্রকে সাজানো হয়েছে ঠিক যেন একেবারে বিয়েবাড়ির আদলে।

রঙিন আলো, সাজসজ্জা, এমনকি রান্নার ব্যবস্থাও—সব মিলিয়ে ভোটকেন্দ্র যেন উৎসবের মেজাজে। এই অভিনব উদ্যোগে খুশি সাধারণ ভোটাররা, পাশাপাশি বাড়ছে ভোটদানের উৎসাহও।

বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত নারায়ণীতলা পঞ্চায়েত এলাকার সরবেড়িয়া টিএস সনাতন হাই স্কুলে গড়ে তোলা হয়েছে এই বিশেষ মডেল বুথ।

১৮৫ এবং ১৮৬ নম্বর বুথে মোট ১৫২৩ জন ভোটার রয়েছেন। ভোটারদের জন্য এই দুই বুথকে এমনভাবে সাজানো হয়েছে, যা এক নজরে দেখলে কোনও বিয়েবাড়ির চেয়ে কম মনে হয় না। স্কুল প্রাঙ্গণে ঢুকতেই চোখে পড়ছে রঙিন আলোর ঝলকানি।

চারদিকে সাজানো হয়েছে আলোকসজ্জা, গেট থেকে শুরু করে বুথের প্রবেশপথ পর্যন্ত রয়েছে নান্দনিক সাজ। ভিতরে ঢুকলে রয়েছে পাখার সুব্যবস্থা, যাতে গরমে ভোটারদের কোনও অসুবিধা না হয়। পাশাপাশি চলছে রান্নার আয়োজন, যা এই বুথের পরিবেশকে আরও আলাদা মাত্রা দিয়েছে।

সব মিলিয়ে ভোটকেন্দ্রটি যেন এক উৎসবমুখর আঙিনায় পরিণত হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এবারের ভোটে প্রতিটি বিধানসভাতেই মডেল বুথ তৈরি করা হয়েছে। তবে বারুইপুর পূর্বের এই মডেল বুথটি অন্যান্যদের থেকে আলাদা করে তুলেছে তার অভিনব পরিকল্পনা ও উপস্থাপনা।

এখানে শুধুমাত্র সাজসজ্জা নয়,ভোটারদের স্বাচ্ছন্দ্য ও আকর্ষণের দিকটিও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সবশেষে বলা যায়, এই অভিনব উদ্যোগ নিঃসন্দেহে ভোটদানের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে সাহায্য করবে। গণতন্ত্রের এই মহোৎসবকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তুলতে বারুইপুরের এই মডেল বুথ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 9 =