জাকির আলী :: সংবাদ প্রবাহ :: বাঁশবেড়িয়া :: শুক্রবার ১,মে :: বৃহস্পতিবার রাতের প্রবল বর্ষণের জেরে জলমগ্ন হয়ে পড়েছে বাঁশবেড়িয়া পৌরসভার ১৯ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। নর্দমা উপচে জল ঢুকে পড়েছে একাধিক বাড়ির ভেতরে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
জলমগ্ন বাঁশবেড়িয়া পৌরসভার ১৯ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ড
এই এলাকার নিকাশি ব্যবস্থার দায়িত্বে রয়েছে গেঞ্জেস জুট মিল কর্তৃপক্ষ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই নিকাশি পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের বিষয়ে বারবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এর ফলেই সামান্য বৃষ্টিতেই এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয় কাউন্সিলরের।
এছাড়াও তিনি জানান, এলাকায় অতিরিক্ত প্লাস্টিক ব্যবহারের কারণেও নর্দমা আটকে যাচ্ছে, যা জলনিকাশে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
কাউন্সিলর বলেন, “নিকাশি ব্যবস্থা ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হলে এই পরিস্থিতি এড়ানো যেত। একই সঙ্গে বাসিন্দাদেরও প্লাস্টিক ব্যবহার কমিয়ে পরিবেশ সচেতন হতে হবে, তবেই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।”

