খুনের প্রতিবাদে রণক্ষেত্র ডায়মন্ড হারবার – যান চলাচল স্তব্ধ করে বিজেপির বিক্ষোভ

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: শুক্রবার ৮,মে :: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল ডায়মন্ড হারবার। শুভেন্দু অধিকারী র নির্দেশে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে পথে নামলেন বিজেপির কর্মী-সমর্থকেরা।

বৃহস্পতিবার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। এর জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল এবং চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ।বিক্ষোভকারীদের অভিযোগ, আত্মসহায়ক কর্মী খুনের ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা চলছে। পুলিশের ভূমিকা নিয়েও সরব হন আন্দোলনকারীরা।

তাঁদের দাবি, ঘটনার পর বহু সময় কেটে গেলেও এখনও পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে তাঁরা জাতীয় সড়কে বসে পড়েন।

অবরোধের ফলে ১১৭ নম্বর জাতীয় সড়কের দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বহু অফিসযাত্রী, স্কুল পড়ুয়া ও সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করেন। যদিও প্রথমদিকে আন্দোলনকারীরা অনড় থাকেন। পরে পুলিশের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে দ্রুত গ্রেপ্তার না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + seventeen =