১৫ বছর পর ফের রাজ্যের পূর্ণমন্ত্রী পেলো বাঁকুড়া

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: রবিবার ১০,মে :: দীর্ঘ ১৫ বছর পর রাজ্যের পূর্ণ মন্ত্রী পেলো বাঁকুড়া। গতকালই পরিবর্তনের সরকারে ক্যবিনেট মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন রানীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু।

আজ ক্ষুদিরাম টুডু জেলাতে পৌঁছাতেই তিনি ভাসলেন বিজেপি কর্মীদের বাঁধভাঙা উচ্ছাস, উন্মাদনা আর অভিনন্দনের বন্যায়। বাঁকুড়া জেলায় শেষ পূর্ণ মন্ত্রী ছিলেন বাম আমলের পার্থ দে। তারপর থেকে আর বাঁকুড়ার কোনো জনপ্রতিনিধি পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাননি।

স্বাধীনতার পর বাম আমল হোক বা তৃনমূল আমল একাধিকবার বাঁকুড়ার জঙ্গলমহল থেকে নির্বাচিত একাধিক জনপ্রতিনিধি রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেও কোনোদিনই পূর্ণ মন্ত্রী পায়নি জঙ্গলমহল।

অতীতের সেই রেকর্ড ভেঙে প্রায় দেড় দশক পর যেমন বাঁকুড়ার ভাগ্যে জুটেছে পূর্ণ মন্ত্রী তেমনই বাঁকুড়ার জঙ্গলমহলে প্রথম বারের জন্য পূর্ণমন্ত্রী হয়েছেন ক্ষুদিরাম টুডু। মন্ত্রী হিসাবে গতকাল শপথ নেওয়ার পর আজই প্রথম ক্ষুদিরাম টুডু পৌঁছান বাঁকুড়ায় বিজেপির দলীয় কার্যালয়ে।

কার্যালয়ে পৌঁছাতেই ফুলের তোড়া আর শুভেচ্ছার বন্যায় ভেসে যান ক্ষুদিরাম টুডু। ক্ষুদিরাম টুডুর দাবি দপ্তর পাওয়ার পর একদিকে যেমন এতদিন ধরে দেওয়া ভুয়ো তপশিলী উপজাতি সংশাপত্র বাতিল করার ব্যপারে উদ্যোগ নেবেন

তেমনই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ করে জঙ্গলমহলে বন্ধ হয়ে পড়া স্কুলগুলিকে পুনরায় চালু করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। এছাড়াও পানীয় জল, রাস্তাঘাট সহ জঙ্গলমহলের পরিকাঠামো উন্নয়নেও বিশেষ পদক্ষেপ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন নব নির্বাচিত বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =