নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাগদা :: সোমবার ১১,মে :: বেপরোয়া ভাঙচুর হল তৃণমূল নেতার বাড়িতে। বাধা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশও। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদার পাথুরিয়া এলাকায়। পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে।
ধৃতের নাম দীপঙ্কর মন্ডল (৩৫), বাড়ি চুয়াটিয়া কলোনী। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ টহল চলছে। আক্রান্ত তৃণমূল নেতার নাম মিহির বিশ্বাস। তিনি বাগদা পঞ্চায়েত সমিতির তিনবারের প্রাক্তন সদস্য। অভিযোগ, বিজেপি সমর্থকরা পাথুরিয়া এলাকায় একটি বিজয় মিছিল করছিলেন।
ওই মিছিলটি মিহিরবাবুর বাড়ির সামনে আসতেই হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, একদল যুবক মিছিল থেকে বেরিয়ে মিহিরবাবুর বাড়িতে চড়াও হন। তাঁরা বাড়ির ভিতরে ঢুকে বেপরোয়া ভাঙচুর শুরু করেন। আসবাবপত্র চেয়ার টেবিল ও আলমারি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
ভাঙচুর করা হয়েছে বাড়ির সামনে রাখা চারচাকা একটি গাড়িও। মিহিরবাবু তখন বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী শিখা রানী বিশ্বাস ও শাশুড়ি ছিলেন। গোলমাল ঠেকাতে গেলে এক পুলিশ কর্মীও আক্রান্ত হয়েছেন।
মিহিরবাবুর বৌদি গীতারানী বিশ্বাস বলেন, আমার দেওরকে মারার উদ্দেশ্য নিয়ে বাড়ির মধ্যে ঢুকেছিল।
বিজেপি নেতা তাপসচন্দ্র বিশ্বাস বলেন, আমাদের দলের কেউ এই ভাঙচুরের ঘটনায় জড়িত নয়। ভোটের ফল ঘোষণার পরে নব্য বিজেপি সেজে আমাদের দলের বদনাম করার জন্য এগুলো করছে।

