নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানিহাটি :: সোমবার ১১,মে :: উত্তর ২৪ পরগনার পানিহাটিতে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।
ঘটনাটি ঘটেছে পানিহাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শহিদ কলোনি এলাকায়। অভিযোগ, তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসের বাড়িতে আচমকাই দলবল নিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। কাউন্সিলরের পরিবারের সদস্যদের মারধর করার পাশাপাশি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে এলাকার মহিলারা একজোট হয়ে দুষ্কৃতীদের বাধা দেন। তাঁদের প্রতিরোধের মুখে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে দাবি স্থানীয়দের।
ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। রাজনৈতিক রঙও দেখা দিয়েছে এই ঘটনাকে ঘিরে। যদিও হামলার পিছনে কারা রয়েছে এবং কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী। পাশাপাশি মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকেও। এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে পুরো ঘটনার খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে।

