মেমারিতে ধুসি নদী থেকে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: সোমবার ১১,মে :: পূর্ব বর্ধমানের মেমারি থানার দেবীপুর অঞ্চলের মহেশপুর গ্রামে ধুসি নদী থেকে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার নদীর ধারে কিছু মানুষ একটি দেহ ভাসতে দেখতে পান। কাছে গিয়ে দেখা যায়, এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ নদীতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মেমারি থানা পুলিশকে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। দেহটি এতটাই ক্ষতবিক্ষত ছিল যে প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, হেতমপুর গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন নবমী রাজমূল্যদাস (৬৫) গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের পরনের পোশাক দেখে তাঁকে শনাক্ত করেন বলে দাবি করেছেন।

যদিও পুলিশি তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে ওই মহিলার মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =