নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ১৩,মে :: ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পরিবর্তে এবার চালু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ । আগামী ১ জুন থেকেই উপভোক্তারা মাসিক ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পেতে শুরু করবেন।
তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে যে ধন্দ তৈরি হয়েছিল, বুধবার বিধানসভায় শপথ গ্রহণের পর তা বিস্তারিতভাবে স্পষ্ট করলেন নারী-শিশু ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ।
আগে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের মাধ্যমে আবেদন নেওয়া হলেও, এবার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনলাইন পোর্টাল চালু করছে রাজ্য সরকার। অগ্নিমিত্রা পাল জানান, “আমরা খুব দ্রুত অনলাইনে আবেদন করার ব্যবস্থা করছি।
যারা শিক্ষিত নন বা প্রযুক্তি ব্যবহারে দক্ষ নন, তাঁদের কথা মাথায় রেখে আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ করা হবে যাতে রাজ্যের প্রতিটি মা-বোন অনায়াসেই এই সুবিধা গ্রহণ করতে পারেন।”
ট্রাইব্যুনালে নাম থাকা বা ভোটার তালিকায় নাম না থাকা প্রায় ২৭ লক্ষ মানুষের দুশ্চিন্তা দূর করে মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, যাঁদের নথি যাচাইয়ের কাজ চলছে কিংবা যাঁরা সিএএ এর জন্য আবেদন করেছেন, তাঁদের নামও এই প্রকল্প থেকে বাদ যাবে না। তাঁরাও অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন ।
মন্ত্রী জানিয়েছেন, যাঁরা ইতিপূর্বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, তাঁরা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আসবেন। তবে মৃত ব্যক্তি বা বাংলাদেশের নাগরিকরা কোনওভাবেই এই সুবিধা পাবেন না।
এসআইআর সংক্রান্ত জটিলতা নিয়ে মন্ত্রী বলেন, “৯১ লক্ষ নাম পর্যালোচনা করা হবে, তবে তাঁদের নাম এখনই বাদ যাচ্ছে না। তাঁরা প্রকৃত নাগরিক কি না, তা যাচাই করে দেখা হবে।”

