নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: শনিবার ১৬,মে :: সাতসকালে চোরের অভিনব কীর্তিতে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বোলপুরের তাতালপুর কলোনি এলাকায়। এলাকায় চেনা পরিচিত কেউ যাতে চিনতে না পারে, তাই শাড়ি পরে, অবিকল নারীর ছদ্মবেশ ধারণ করে চুরির ছক কষেছিল এক যুবক।
কিন্তু শেষরক্ষা হলো না। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ল সেই ‘শাড়ি পরা’ চোর। উত্তেজিত জনতা অভিযুক্তকে গাছে বেঁধে গণধোলাই দেওয়ার পর তুলে দেয় পুলিশের হাতে।
এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে তাতালপুর কলোনি এলাকার একটি বাড়িতে সন্দেহভাজন এক ‘মহিলাকে’ ঘোরাঘুরি করতে দেখেন বাসিন্দারা।
ওই ব্যক্তির পরনে ছিল শাড়ি এবং মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল। কিন্তু তার হাঁটাচলা এবং শারীরিক গঠন দেখে স্থানীয় যুবকদের সন্দেহ হয়। সন্দেহ দানা বাঁধতেই বাসিন্দারা তাকে ঘিরে ধরেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন।কথাবার্তায় অসঙ্গতি মেলায় জোরপূর্বক তার মুখের ওড়না সরাতেই চক্ষু চড়কগাছ এলাকাবাসীর ।
দেখা যায়, নারীর ছদ্মবেশে আসলে সে একজন পুরুষ। এরপরই তার কাছ থেকে চুরির কিছু সরঞ্জাম উদ্ধার হয় বলে অভিযোগ। সাতসকালে এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। দলে দলে মানুষ এসে ভিড় জমান। ক্ষিপ্ত এলাকাবাসী ওই চোরকে ধরে এলাকার একটি গাছে বেঁধে রাখেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।এক স্থানীয় বাসিন্দা জানান এলাকায় ইদানীং চুরির উপদ্রব বাড়ছিল। আজ সকালে এই যুবক শাড়ি পরে এসে আমাদের বোকা বানানোর চেষ্টা করছিল। কিন্তু আমাদের ছেলেদের নজর এড়াতে পারেনি।
পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারা বিষয়টি দেখছে।পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে এবং সে এই এলাকার কোনো পুরোনো চোর চক্রের সাথে যুক্ত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

