নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইলামবাজার :: শনিবার ১৬,মে :: বেআইনি টোল প্লাজা বন্ধের ঘোষণা ঘিরে যখন রাজ্যজুড়ে প্রশাসনিক তৎপরতা চলছে, ঠিক সেই সময়ই নতুন করে বিতর্কে জড়াল বীরভূমের ইলামবাজার টোল প্লাজা।
অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের সমস্ত বেআইনি টোল বন্ধের ঘোষণা হওয়ার পরেও ইলামবাজারে এখনও প্রকাশ্যে টোল আদায় চলছে।
স্থানীয় বাস, ট্রাক, লরি ও ছোট চারচাকা গাড়ির চালকদের একাংশের দাবি, প্রতিদিনের মতো এখনও গাড়ি পিছু টাকা নেওয়া হচ্ছে।
ফলে প্রশ্ন উঠছে, যদি সমস্ত বেআইনি টোল বন্ধ হয়ে থাকে, তাহলে ইলামবাজার টোল কীভাবে চালু রয়েছে? এই নিয়ে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও বিভ্রান্তি।
চালকদের অভিযোগ, টোল প্লাজার কর্মীদের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তারা নাকি স্পষ্ট জানিয়েছেন, এটি “মুখ্যমন্ত্রী শুভেন্দুর দল”-এর টোল। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
বিরোধীদের একাংশের দাবি, প্রশাসনের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা তোলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
স্থানীয়দের বক্তব্য, দিনের পর দিন এই টোল চালু থাকলেও প্রশাসনের তরফে কোনও দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, আদৌ কি এই টোল বৈধ, নাকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে চালানো হচ্ছে পুরো প্রক্রিয়া?

