পালাবদলের পর তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের চালু করা কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোণা :: রবিবার ১৭,মে :: গোটা রাজ্যে কোথাও বেআইনি টোল চালানো যাবে না,পালাবদলের পর প্রশাসনের শীর্ষ স্তর থেকে এসেছিল এমনই বার্তা।তারপর থেকে দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা থেকে রাতারাতি উধাও টোল।

রাজ্য নতুন সরকার গঠনের পর এবার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের তৈরি টোল প্রথা বন্ধ করে দিল রাজ্যে শাসকদল বিজেপি।

চন্দ্রকোণা-১ ব্লকের মনোহরপুর-১ গ্রাম পঞ্চায়েতের গাঁংচা ঘাট ও রাসবিহারী ঘাটে শিলাবতী নদীর উপর পঞ্চায়েতের তৈরি দুটি কাঠের সেতু পারাপার করতে হলে এতদিন টাকা দিয়ে সেতু পারাপার করতে হতো।

গ্রাম পঞ্চায়েত রীতিমতো টেন্ডার ডেকে মোটা টাকার বিনিময়ে শিলাবতী নদীর উপর দুটি কাঠের সেতু ডাক (নিলামের মাধ্যমে সেতু রক্ষণাবেক্ষণ ও দেখভালের জন্য দায়িত্ব দেওয়া হয় দু’জন ব্যক্তিকে) -এর মাধ্যমে টোল আদায়ের ব্যবস্থা করে। রীতিমতো রেটচার্ট বানিয়ে চলছিল টোল আদায়।

গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগকে ঘিরে কম বিতর্ক হয়নি।শুরু থেকেই এই টোল আদায়ের বিরোধীতা করে আসছিল বিজেপি।সংখ্যার জোরে বিজেপির পঞ্চায়েত সদস্যদের আপত্তিকে গুরুত্ব দেয়নি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এমনই অভিযোগ তুলেছিল বিজেপি।

কিন্তু রাজ্যে পরিবর্তনের পরই এবার বিজেপির তরফে বন্ধ করে দেওয়া হল এই টোল আদায়। পঞ্চায়েত প্রধানকে ডেকে সেকথা জানিয়েও দেওয়া হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। বিজেপি নেতৃত্বের আবেদনে আপাতত বন্ধ রয়েছে টোল আদায়।

দেখা নেই টোল আদায়কারী ব্যক্তিদের। তুলে দেওয়া হয়েছে টোল নেওয়ার ছাউনি। টোল নেওয়া বন্ধ হওয়ায় খুশি এলাকাবাসী থেকে নিত্যযাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =