উত্তরকন্যার প্রশাসনিক বৈঠকে একাধিক ঘোষণা,উন্নয়ন থেকে পুরনিগম ইস্যুতে জোরালো বার্তা

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবারে ২১,মে :: উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন, প্রশাসনিক পরিকাঠামো শক্তিশালী করা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাকে কেন্দ্র করে বুধবার উত্তরকন্যায় অনুষ্ঠিত হলো উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক।

দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। সাংবাদিক সম্মেলনে জানানো হয়,আগামী জুন মাস থেকেই রাজ্যে চালু হতে চলেছে ‘জয় রামজি’ নামে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প।এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।পাশাপাশি জনস্বার্থে আরও একটি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।মহিলাদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে সরকারি বাস পরিষেবায় বিশেষ সুবিধা চালু করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

আগামী জুন মাস থেকে মহিলাদের সরকারি বাসে ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে জানানো হয়।অন্যদিকে বৈঠকে উঠে আসে শিলিগুড়ি পুরনিগম সংক্রান্ত একাধিক অভিযোগের বিষয়ও। সাংবাদিকদের সামনে দাবি করা হয়,পুরনিগমে বড়সড় দুর্নীতির অভিযোগ প্রশাসনের নজরে এসেছে।

সেই অভিযোগের নিরপেক্ষ তদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।খুব শীঘ্রই তদন্ত প্রক্রিয়া শুরু হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়।

এদিন আরও জানানো হয়,যেসব পুরনিগম এলাকায় এখনও নির্বাচন সম্পন্ন হয়নি,সেখানে বর্ষা পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রস্তুতির কাজ শুরু হয়েছে বলেও সূত্রের খবর।এছাড়াও উত্তরবঙ্গের চা-বাগান অঞ্চলগুলির উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। চা শিল্প এবং চা-বাগান নির্ভর এলাকার সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর জোর দেওয়া হয়।

এ ক্ষেত্রে অন্যান্য রাজ্যের সফল মডেল অনুসরণ করার বিষয়ে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

সাংসদ ও বিধায়ক আরও জানান,উত্তরবঙ্গের উন্নয়নমূলক কাজগুলির অগ্রগতি নিয়মিত খতিয়ে দেখতে ভবিষ্যতে প্রতি মাসে একবার করে এই ধরনের প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হবে।

পাশাপাশি পুলিশ,প্রশাসন এবং বিভিন্ন সরকারি বিভাগের মধ্যে সমন্বয় আরও জোরদার করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =