নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবারে ২১,মে :: মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দুর্গাপুর সফরে এলেন শুভেন্দু অধিকারী। এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ অন্ডাল বিমানবন্দরে নামার পর থেকেই গোটা শিল্পাঞ্চলে নিরাপত্তা বলয় ছিল চোখে পড়ার মতো।
সিটি সেন্টারে একটি হুডখোলা গাড়িতে করে জনসংযোগমূলক র্যালিতে অংশ নেন তিনি। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের অভিবাদনের জবাব দিয়ে তিনি সরাসরি পৌঁছান সৃজনী প্রেক্ষাগৃহে। সেখানে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা তাঁকে গার্ড অফ অনার দিয়ে
স্বাগত জানান।
মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে গোটা এলাকা ঘিরে ছিল কঠোর নজরদারি। সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া—
এই পাঁচটি জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার এবং বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। এছাড়াও রাজ্যের মন্ত্রিসভার ৫ জন সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা এই বৈঠকে অংশগ্রহণ করেন।
প্রশাসনিক সূত্রে খবর, পাঁচটি জেলার সামগ্রিক উন্নয়ন, শিল্প ও পরিকাঠামোর প্রসার, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গ্রামীণ পরিষেবা সম্প্রসারণ নিয়ে বৈঠকে বিশদ আলোচনা হয়েছে। বিশেষ করে সরকারি প্রকল্পগুলির বাস্তবায়নের ক্ষেত্রে কোথায় গতি আনার প্রয়োজন, তা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এখান থেকেই মুখ্যমন্ত্রী তাঁর নির্ধারিত সফরে সোজা উড়ে যাবেন দিল্লিতে । সেখানে তিনি সম্ভবত প্রধান মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গেও দেখা করবেন । এখনও পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী তিনি হয়ত রাষ্ট্রপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাত করতে পারেন বলে জানা যাচ্ছে ।

