নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাবরা :: শনিবার ২৩,মে :: লোকসভা নির্বাচনের পর ঘরছাড়া বিজেপি কর্মীরা দু’বছর বাদে গ্রামে ফিরতেই আবার আক্রান্ত হলেন। মেরে তাঁদের মাথা ফাটিয়ে দেওয়া হল।
রেহাই পাননি মহিলারাও। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরা থানার পৃথিবী পঞ্চায়েতের কালীতলা এলাকায়।
বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল নেতৃত্ব ঘটনায় কোনও প্রতিক্রিয়া দিতে নারাজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোলানাথ দে বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তিনি ও তাঁর স্ত্রী কালীতলা এলাকায় শ্বশুরবাড়িতে থাকেন। ভোলানাথ বাবু একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী।
অভিযোগ, গত ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কর্মীরা তাঁকে নানাভাবে হুমকি দিয়েছিলেন। কিন্তু তিনি তাতে কর্ণপাত করেননি।
তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দলের হয়ে কাজ করেছেন। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভোলানাথবাবুর পরিবারের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়।
সেই রাতে দে পরিবার গ্রাম ছেড়ে চলে যায়। অভিযোগ, তৃণমূল সমর্থকরা দে পরিবারের জমিও জবরদখল করে নেন। নিউ ব্যারাকপুরে তাঁরা আশ্রয় নিয়েছিলেন। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল হতেই দে পরিবার গ্রামের ফেরার সিদ্ধান্ত নেয়।
সোমবার দুপুরে তাঁরা স্থানীয় পুলিশ ফাঁড়িতে কথা বলেই গ্রামে ফেরেন। পুলিশ আধিকারিকরা তাঁদের নিরাপদে গ্রামে ফেরার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু গ্রামে ফিরতেই ভোলানাথবাবুর ওপর আবার হামলা শুরু হয়। ভোলা দের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দু’বছর আগে তাঁদের গ্রাম ছাড়া করেছিলেন।
আজ বাড়ি ফিরতে আবার তাদের ওপর হামলা করা হয়েছে। মহিলাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে পুলিশ হাবরা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে কয়েকজনকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে।

